Views Bangladesh Logo

বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে ৭০০ টাকা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের হাতে মাত্র ৭০০ টাকা সহায়তা তুলে দেওয়া হয়েছে- এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুজিবের শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে শুক্রবার কুলাউড়ায় ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সমন্বয়ক সারজিস আলম। তবে দলীয় তহবিল থেকে নয়, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে সেই পরিবারকে দেওয়া হয় মাত্র ৭০০ টাকা।

ভাইরাল ভিডিওতে নিহত মুজিবুর রহমানের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে জানান, একজন অনাগতসহ তাদের চার সন্তান নিয়ে পরিবারটি চরম সংকটে রয়েছে। এনসিপির নেতারা ঢাকা থেকে তাদের বাড়িতে আসায় স্থানীয়দের ধারণা হয়েছিল পরিবারটি বড় অঙ্কের আর্থিক সহায়তা পেয়েছে। কিন্তু বাস্তবে তাদের হাতে মাত্র ৭০০ টাকা তুলে দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের ভাষ্য, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নামে যদি প্রতীকী বা অপ্রতুল সহায়তা দেওয়া হয়, তাহলে তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

তবে এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী কিংবা সারজিস আলমের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ