দুর্নীতির অভিযোগে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ নাসির
আগামী বিপিএলে খেলা হচ্ছে না নাসিরের হোসেনের। ২০২৪ সালের বিপিএলের ড্রাফটে নেই তার নাম। শুধু বিপিএল নয়, তার বিরুদ্ধে আনা আইসিসির দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি না পেলে বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টেই নাসির খেলতে পারবেন না।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির অভিযোগ আনা হয় নাসিরের বিরুদ্ধে। ১৯ সেপ্টেম্বরের আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
গণমাধ্যমকে নাসিরের বিষয়টি নিয়ে নান্নু জানান, ‘আমরা তাকে বিপিএল ড্রাফটের তালিকায় রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে সে খেলতে পারবে না।'
নাসিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের আবুধাবি টি-১০ লিগে দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গ করেছেন তিনি। যেখানে উপহার গ্রহণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে নাসির অসহযোগিতা করেছেন বা সহায়তা করতে অস্বীকার করেছেন।
উল্লেখ্য, আগামীকাল রবিবার বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে এবারের প্লেয়ার্স ড্রাফটে।
সাতটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে তাদেরকে। একমাত্র ক্রিকেটার হিসেবে 'এ' ক্যাটেগরিতে থাকছেন মুশফিকুর রহিম। এই ক্যাটাগরিতে গতবারের মতোই ৮০ লাখ টাকা থাকছে।
'বি' ক্যাটেগরিতে আছেন চারজন ক্রিকেটার। তারা হলেন-আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা।
এ ছাড়াও 'সি' থেকে 'জি' এর তালিকায় থাকা খেলোয়াড়দের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ও ৫ লাখ টাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে