সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে ফিরলেন নাসিম হোসাইন
দীর্ঘ প্রায় দুই বছর পর সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে পুনর্বহাল হয়েছেন নাসিম হোসাইন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পুনরায় এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
নাসিম হোসাইন ২০২৩ সালের ১০ মার্চ অনুষ্ঠিত সম্মেলনে ভোটের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হন। তবে ২০২৪ সালে তৎকালীন সরকারবিরোধী আন্দোলনের সময় দেশের বাইরে অবস্থান করায় তার সভাপতির দায়িত্ব স্থগিত করা হয়।
এরপর ২০২৪ সালের ১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকীকে মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরে একই বছরের ৪ নভেম্বর ঘোষিত ১৭০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। সেই কমিটিতে নাসিম হোসাইনের নামও ছিল না।
বৃহস্পতিবারের চিঠিতে বলা হয়, নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দল আশা করছে, তিনি সিলেট মহানগর বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।
এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন, মিফতাহ্ সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর কাছেও পাঠানো হয়েছে।
মতামত দিন