৫৩ বছর পর চাঁদের কক্ষপথে মানববাহী অভিযান, অ্যাপোলো থেকে আর্টেমিস ২
১৯৭২ সালের পর প্রথমবারের মতো মানুষকে চাঁদের কক্ষপথে পাঠাতে যাচ্ছে নাসা। মার্কিন মহাকাশ সংস্থাটি জানিয়েছে, আর্টেমিস ২ চন্দ্রাভিযানের কাউন্টডাউন শুরু হয়েছে এবং বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে চারজন নভোচারীকে নিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হবে।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে সোমবার এক সংবাদ সম্মেলনে উৎক্ষেপণ পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন বলেন, অভিযানটি 'চমৎকার অবস্থায়' রয়েছে।
এই অভিযানে ইতিহাস গড়তে যাচ্ছে নাসা। প্রথমবারের মতো কোনো নারী, কৃষ্ণাঙ্গ এবং মার্কিন নাগরিক নন— এমন একজনকে চাঁদের কক্ষপথে পাঠানো হচ্ছে। চার সদস্যের এই দলে রয়েছেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন।
প্রায় ১০ দিনের এই মিশনে নভোচারীরা চাঁদের পৃষ্ঠে নামবেন না, তবে চাঁদের আশপাশ প্রদক্ষিণ করে আসবেন। এর মাধ্যমে ওরিয়ন মহাকাশযানের জীবন রক্ষাকারী ব্যবস্থা, নেভিগেশন, যোগাযোগ ও হিট শিল্ডের কার্যকারিতা পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, একাধিক প্রযুক্তিগত সমস্যার কারণে আর্টেমিস অভিযান কয়েক বছর পিছিয়েছে। আর্টেমিস ২ ইতিমধ্যে দুটি উৎক্ষেপণের সুযোগ হারিয়েছে। রয়টার্স জানিয়েছে, চীনের সঙ্গে মহাকাশে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে নেতৃত্ব ধরে রাখতে এই মিশনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।
অ্যাপোলোর লক্ষ্য ছিল অল্প কয়েকজনকে স্বল্প সময়ের জন্য চাঁদে পাঠানো। কিন্তু আর্টেমিসের লক্ষ্য চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি ও দীর্ঘমেয়াদী গবেষণা নিশ্চিত করা। আর অ্যাপোলো ছিল যুক্তরাষ্ট্রের একক প্রচেষ্টা, কিন্তু আর্টেমিসে বিশ্বের ডজনখানেক দেশ একত্রে কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে