প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী ভারতের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ চিঠির মাধ্যমে এই শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে চিঠিটির বার্তা প্রকাশ করা হয়।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন আদর্শকে তুলে ধরে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও উল্লেখ করেন, ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেশটির মুসলিম জনগণ এই উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করে।
ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশ ও ভারত দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক সহযোগিতা এবং শান্তি ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে একে অপরের সঙ্গে যুক্ত।
তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
চিঠির শেষাংশে নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে