নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে আটক
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি সংসদ সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজি, হয়রানিসহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। প্রথমে বিকেলের দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চাঁদাবাজিসহ ভুক্তভোগীদের একাধিক অভিযোগের ভিত্তিতে সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল।
তদন্তের স্বার্থে অভিযোগগুলোর বিস্তারিত প্রকাশ না করলেও তিনি জানান, পুলিশের কাছে এ পর্যন্ত অন্তত ছয়টি অভিযোগ জমা পড়েছে, এবং ঢাকাতেও তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ আছে—যার মধ্যে উল্লেখযোগ্য চাঁদাবাজি, হয়রানি, নারীঘটিত বিষয় ও হুমকি। তবে অভিযোগ থাকলেও এখনো কেউ মামলা করেননি, এবং তাঁর বিরুদ্ধে চলমান কোনো মামলাও নেই।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা যাচাইয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর প্রমাণ মিললে ভুক্তভোগীরা মামলা করবেন।
এদিকে নানা অনিয়মের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে সজীবকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত কারও কোনো অপকর্মের দায় দল নেবে না এবং সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন