নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
অতিরিক্ত করের বোঝা না বাড়িয়ে নতুন রাজস্ব আয়ের উৎস সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এটি নাসিকের ১৫তম বাজেট।
বৃহস্পতিবার নগর ভবনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন সম্ভাবনা এবং নগরবাসীর প্রত্যাশার কথা বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। অতিরিক্ত কর আরোপ না করে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নতুন আয়ের উৎস তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে অবকাঠামো উন্নয়ন, সড়ক ও যোগাযোগব্যবস্থা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, সড়কবাতির উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নাগরিক সেবা সম্প্রসারণকে বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
নাসিক সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ২১৪ কোটি ৫৪ লাখ ৯২ হাজার ৯১২ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও প্রকৃত আদায় হয়েছে ১৫৯ কোটি ৭৯ লাখ ১৫ হাজার ১০৭ টাকা, যা লক্ষ্যমাত্রার ৭৪ দশমিক ৪৮ শতাংশ। এর মধ্যে কর থেকে ৮০ কোটি ৫০ লাখ টাকা, অনুদান থেকে ১ কোটি ১৪ লাখ টাকা এবং অন্যান্য উৎস থেকে ৫৪ কোটি ১৪ লাখ টাকার বেশি রাজস্ব এসেছে। নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ২০১ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকা, যা এবার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
মতামত দিন