Views Bangladesh Logo

নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি বিরোধে হত্যা: পুলিশ সুপার

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, এটি ডাকাতির ঘটনা নয়, জমি নিয়ে পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তারকে হত্যা করা হয়। ফজরের নামাজের পর প্রতিবেশীরা দরজা খোলা দেখে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

পুলিশ সুপার বলেন, নিহত গৃহবধূর কানে গহনা অক্ষত থাকায় ডাকাতির সম্ভাবনা নাকচ হয়ে গেছে। ঘটনাটি পরিবার বা জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হয়েছে বলে মনে হচ্ছে। দ্রুতই রহস্য উদঘাটন করা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে— নিহত হাবিবুরের বাবা নমির উদ্দিন (৭০), দুই বোন ডালিমা ও হালিমা এবং ভাগনে সবুজ রানা (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে হাবিবুরের বোন শিরিনার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন সরাসরি অভিযোগ করেছেন, শিরিনা ও তার ছেলে সবুজ রানাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এর আগেও তারা তার মেয়ে ও জামাইকে হত্যার চেষ্টা করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ