রামিসা হত্যা মামলায় নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা অন্য ব্যক্তির নাম উল্লেখের চেষ্টা করছেন বলে যে অভিযোগ উঠেছে, তা বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গত মাসে ডিএমপির আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঈদুল আজহা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও চলমান অভিযান বিষয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ডিএমপি কমিশনার বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের বাইরে অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আসামিরা বিভ্রান্তি সৃষ্টি করে বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামি অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছেন বা বলেছেন। আমাদের ধারণা, এটি বিচার প্রক্রিয়া বিলম্বিত করার একটি কৌশল হতে পারে। তদন্তে চার্জশিটভুক্ত আসামিদের বাইরে আর কারও সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ডিএমপি কমিশনার আরও জানান, মামলাটি দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে এগিয়ে নিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক অভিযান এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে