Views Bangladesh Logo

বিতর্কের পর বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন

সমালোচনা ও বিতর্কের পর বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে নতুন নাম অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের চূড়ান্ত অনুমোদন ও সরকারি গেজেট প্রকাশের পর নতুন নামগুলো কার্যকর হবে।

রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নতুন নাম হবে বেতগাড়ী ইউনিয়ন। নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে রহবল ইউনিয়ন রাখা হয়েছে। তবে স্বর্ণগ্রাম ইউনিয়নের নাম অপরিবর্তিত থাকবে।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, সমন্বয় সভায় নতুন নামগুলো অনুমোদন করা হয়েছে। এখন বিষয়টি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন এবং গেজেট প্রকাশের পর নামগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

গত ১৪ জুন প্রকাশিত এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার প্রশাসনিক পুনর্বিন্যাস এবং নবগঠিত মোকামতলা উপজেলার জন্য চারটি নতুন ইউনিয়নের নাম ঘোষণা করা হয়। এগুলো ছিল—মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

তবে মীরবাড়ি নামটি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম এবং সীমান্ত ও দিগন্ত নাম দুটি তার দুই ছেলের নামের সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে জাতীয় সংসদেও বিষয়টি আলোচনায় ওঠে। যদিও প্রতিমন্ত্রী মীর শাহে আলম নামগুলোর মিলকে কাকতালীয় বলে দাবি করেছিলেন।

বিতর্কের পর প্রশাসন জানায়, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই নামগুলো নির্ধারণ করা হয়েছিল। তবে এ দাবি নিয়েও প্রশ্ন ওঠে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গণশুনানির আয়োজন করা হয়। ২৩ জুন তিন ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয় এবং ২৫ জুন দিগন্ত ইউনিয়নের নতুন নাম নির্ধারণে দ্বিতীয় দফা গণশুনানি করা হয়। সেখান থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতেই তিন ইউনিয়নের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ