নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী
নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ফটিকছড়ির নিজ বাসভবনে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) থেকে চেয়ারম্যান হিসেবে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীসহ ৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিগত ১৮ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফুলের মালা মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা হয়েছে। এসময় বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার জনসাধারণের ভালোবাসা পেয়েছি। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোটনেত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ও ফটিকছড়ির সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম।'
দেশের অন্যান্য আসনে তরিকত ফেডারেশনের প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বলেন, ‘সরকারের কোনো অসুবিধা হতে পারে এমন কিছু করতে চাই না। নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ফটিকছড়ি আসন থেকে সরে দাঁড়ালাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির নেতা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, মোহাম্মদ শাহজালাল, আলমগীর আলম, মওলানা কাজী নিজাম মোরশেদসহ আরও অনেকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে