Views Bangladesh Logo

‘বিস্ফোরণের ঘটনায় নাহিদের মন্তব্য রাজনৈতিক বক্তব্য, সরকার তদন্ত করবে’

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনাটিকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একইসঙ্গে এ ঘটনায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে দেখছেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, এমন ঘটনায় সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা। একইসঙ্গে নাহিদ ইসলামের কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য আশা করেন তিনি।

মঙ্গলবার (০৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘গতকালের ঘটনার প্রতিবাদ জানাই আমরা। সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এর সঙ্গে জড়িত সেটা তদন্ত করা, তাদেরকে ধরা। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলব যে, রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার কাছ থেকে আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি।’

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না- এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনও ২৪ ঘণ্টাও যায়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি পারবো। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানান রকমভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কিনা সেটা দেখার ব্যাপার আছে।

তিনি আরও বলেন, একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে। সেই সরকারটা সেটাকে কগনিজেন্সে সিরিয়াসলি নিচ্ছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা জরুরি ব্যাপার। এই সরকার নিচ্ছে, আমি আপনাকে এটা কনফার্ম করতে পারি।

এর আগে সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলাম বলেছিলেন, স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ