সিলেটে ইফতারে যোগ দিতে এসে রিকশায় ঘুরলেন নাহিদ-সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে যোগ দিতে সিলেটে এসে রিকশায় শহর ঘুরলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে সারজিস আলমের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে দেওয়া ছবিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নগরের সুরমা নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী কিনব্রিজ এলাকায় একটি রিকশায় নাহিদ ইসলামের সঙ্গে সেলফি তুলে তা সামাজিক মাধ্যমে দেন সারজিস।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) রাতে নাহিদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে সিলেটে ইফতারে যোগদান ও তারাবির নামাজে অংশগ্রহণের কথা জানিয়েছেন।
নাহিদ ইসলাম লেখেন, ‘আজ সিলেটের প্রিয় ভাই-বোনদের সাথে ১৪ রমজানের ইফতার করবো। এরপর হযরত শাহজালাল রহ দরগাহ কেন্দ্রীয় জামে মসজিদে ১৫ রমজানের তারাবির নামাজ আদায় করব, ইনশাআল্লাহ।’
এই ইফতারে অংশ নেওয়ার পাশাপাশি রাতে সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে তারাবির নামাজ আদায়ের কথা জানিয়ে ফেসবুকে লিখেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীও।
তবে সারজিসের দেওয়া ছবিতে নাসির উদ্দিন পাটোয়ারীকে দেখা যায়নি।
এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ জানিয়েছেন, নগরের কাজীটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে তারা দলীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে