আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নাহিদ রানা
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার নাহিদ রানা।
তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আট উইকেট নেন তিনি। এর আগে মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সমান আট উইকেট শিকার করেছিলেন এই পেসার। এবারই প্রথম আইসিসির মাসসেরা পুরস্কার জিতলেন রানা। গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর পুরুষ বিভাগে এই পুরস্কার পাওয়া তিনি বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে নিজেদের মাঠে এই পারফরম্যান্স তার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৫ রান খরচায় মাত্র এক উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান নাহিদ। ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেন সেখানে। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও আরও দুই উইকেট নিয়ে বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে