Views Bangladesh Logo

মাশরাফি–রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডটা এতদিন ভাগাভাগি করে রেখেছিলেন দুই পেসার—মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি, ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক একই ফিগার ছিল রুবেলের। প্রায় দুই দশক ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন নাহিদ রানা। সোমবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২১ রানে ৬ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসের সেরা বোলিং ফিগারের মালিক এখন এই গতিতারকা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুটা অবশ্য করেছিলেন তাসকিন আহমেদ। বেন কারেন (১৮) ও ব্রায়ান বেনেটকে (১৭) ফেরানোর পর ক্রেইগ আরভিনকে গোল্ডেন ডাকে বোল্ড করে স্বাগতিকদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন তিনি। মাঝে মিরাজের দুর্দান্ত এক রানআউটে ম্যাচের মোমেন্টাম পুরোপুরি চলে আসে বাংলাদেশের দিকে।

এরপর শুরু হয় নাহিদ-ঝড়। প্রথমে সিকান্দার রাজাকে (১) উইকেটের পেছনে ক্যাচ বানান তিনি, পরের শিকার ওয়েসলি মাধেভেরে—নাহিদের বাড়তি বাউন্সে আউটসাইড এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে রানের খাতাই খুলতে পারেননি তিনি। ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ের মিডল অর্ডারও ভেঙে পড়ে নাহিদের গতির সামনে। শেষদিকে নবম উইকেটে নিউম্যান নিয়ামহুরি ও রিচার্ড এনগারাভার ৫০ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। তবে অধিনায়ক এনগারাভাকে (২৭) বোল্ড করে সেই জুটিও ভাঙেন নাহিদ। শেষ পর্যন্ত ৩৬.৪ ওভারে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

ওয়ানডেতে এটি নাহিদের তৃতীয় ৫ উইকেট। গত মার্চে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট নিয়ে প্রথমবার ফাইফারের দেখা পান তিনি, এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে নেন ৩২ রানে ৫ উইকেট। টানা দুই সিরিজে সিরিজসেরা হওয়া এই পেসার এপ্রিল মাসের আইসিসি মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছেন। এবার জিম্বাবুয়ের মাটিতে গড়লেন দেশের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড।

উল্লেখ্য, গত সপ্তাহে এই হারারেতেই একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে সেই টেস্টে বিশ্রামে থাকা তাসকিন, মোস্তাফিজ, নাহিদদের ফেরায় ওয়ানডেতে পূর্ণশক্তির বোলিং আক্রমণ নিয়েই নেমেছে টাইগাররা—আর প্রথম ম্যাচেই তার সুফল হাতেনাতে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ