বাড্ডায় ভোট দিলেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডায় একেএম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে তিনি ভোট প্রদান করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের প্রতিক্রিয়া জানান।
ভোট দিয়ে নাহিদ ইসলাম প্রশাসন, মিডিয়া ও সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য । তিনি বলেন, আমাদের এত আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ সব মিথ্যা হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। আমরা আশা করব তারা যেন নিরপেক্ষ আচরণ করে। তাহলে প্রশাসনও নিরপেক্ষ আচরণ করবে।
নাহিদ ইসলাম বলেন, আজ ১২ ফেব্রুয়ারি, বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। আমি এই এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আমার ভোট দিলাম। আমার জীবনের প্রথম ভোটটি নির্বিঘ্নেই দিলাম। আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসুন। আপনারা দলে দলে সবাই ভোটকেন্দ্রে আসুন। আজ বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার দিন। ১৭ বছর এই সুযোগ মানুষের ছিল না। আমাদের আজ সেই সুযোগ এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেবার, গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার। এবং ১১ দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি আরো বলেন, আমরা গতকাল রাতে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত খবর দেখেছি। রাতে দলের পক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কথা হয়েছে। অনেকগুলো জায়গায় আমাদের ক্যাম্পে হামলা হয়েছে। এসব প্রতিকূলতা কিন্তু আছে। আমরা এসব প্রতিকূলতায় মনোযোগ দিচ্ছি না। আমরা ভোটারদের বলব, আপনারা ভোট দিতে আসুন। আমরা মনে করি, মানুষ ব্যালটেই তাদের রায় দিবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
ফলে আজ ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।
মোট প্রার্থীর মধ্যে পুরুষ ১ হাজার ৯৪৬ জন (রাজনৈতিক দল ১ হাজার ৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং নারী প্রার্থী ৮৩ জন (রাজনৈতিক দল ৬৩, স্বতন্ত্র ২০)।
দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার আজ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ এবং ২১ হাজার ৫০৬টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে