Views Bangladesh Logo

দুর্নীতিমুক্ত থেকে জনগণের স্বার্থ রক্ষার আহ্বান উপদেষ্টা নাহিদের

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার( ২ অক্টোবর) স্যাটেলাইট কোম্পানির কার্যালয়ে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। এ সময় কোম্পানির কর্মকর্তাদের কথা শোনেন তিনি।

পরে এক মতবিনিময় সভায় অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে দেশের জনগণের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই প্রতিষ্ঠানের সাবেক প্রধান সকল দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ছিলেন। যার কারণে কোম্পানি অনেক পিছিয়ে গেছে। আমরা সেই সময়ের সকল বিষয় পর্যালোচনা করছি তার ভিত্তিতে ভবিষ্যতে কাজ করা হবে।

পরিদর্শনকালে প্রথম স্যাটেলাইটের খরচ অনুযায়ী প্রাপ্তি সম্পর্কে জানতে চান তথ্যপ্রযুক্তি উপদেষ্টা। জবাবে স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম বলেন, স্যাটেলাইটের খরচ বেশি হয়েছে তাই প্রাপ্তি আশানুরূপ নয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান বলেন, কোম্পানিটি গত পাঁচ বছর রিটার্ন জমা দেয়নি, যা এখন পরিশোধ করতে হলে মোটা অংকের টাকা পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বোর্ড মেম্বারদের সমন্বয়ে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। এই কমিটি বিগত সময়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ হয়েছে কি না তা খুঁজে বের করে সুপারিশ করবে, তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রতিষ্ঠানের সক্ষমতা, দুর্বলতা এবং চ্যালেঞ্জ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক।  তিনি বেতবুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া এবং যাতায়াত ব্যবস্থা অনুন্নত হ‌ওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম আরও বলেন, স্যাটেলাইটের খরচ বেশি হয়েছে, তাই প্রাপ্তি আশানুরূপ নয়।

এ ছাড়াও উপদেষ্টার কাছে প্রতিষ্ঠানের সক্ষমতা, দুর্বলতার বিষয়টি তুলে ধরেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ