Views Bangladesh Logo

বরিশালে বালুভর্তি বস্তায় রহস্যজনক বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিস্ফোরণের ঘটনায় শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন বাড়ির মালিক শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, তাঁর মেয়ে ইতি আক্তার (১৮) এবং নাতি ফাহিম (১৫)।

পরিবারের সদস্যরা জানান, সকাল সাতটার দিকে বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর তিনজনের শরীরে আগুন ধরে গেলে তাঁরা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রতিবেশীরা জানান, প্রচণ্ড শব্দ শুনে বাইরে এসে তাঁরা বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন। তবে কী কারণে বা কী ধরনের বস্তু থেকে বিস্ফোরণ ঘটেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

বরিশালের পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমান বলেন, কী ধরনের বিস্ফোরক থেকে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে। এ জন্য ঢাকার বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্তে সহায়তা করবে। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ঘটনার পর র‍্যাব, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ