দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষে এগিয়ে খুলনা: টিআইবি

দেশের সেবা খাতে বিভাগভিত্তিক দুর্নীতির চিত্রে ময়মনসিংহ বিভাগ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে। অন্যদিকে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে বাধ্য হয়েছেন খুলনা বিভাগের মানুষ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টিআইবির জরিপ অনুযায়ী, দেশে সেবা নিতে গিয়ে জাতীয়ভাবে ৮১ দশমিক ৬ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন। একই সময়ে ৬৩ দশমিক ৬ শতাংশ মানুষ বিভিন্ন সেবা পেতে ঘুষ দিতে বাধ্য হয়েছেন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি ৮৮ দশমিক ৯ শতাংশ পরিবার দুর্নীতির শিকার হয়েছে। এ বিভাগে ঘুষ দেওয়ার হার ৬৬ দশমিক ৬ শতাংশ।
খুলনা বিভাগে দুর্নীতির শিকার পরিবারের হার ৮৮ শতাংশ। তবে ঘুষ দেওয়ার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ হার এই বিভাগে—৭৩ দশমিক ৬ শতাংশ মানুষ সেবা নিতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন।
বরিশাল বিভাগে দুর্নীতির শিকার হওয়ার হার ৮৭ দশমিক ৬ শতাংশ এবং ঘুষ দেওয়ার হার ৬৯ দশমিক ১ শতাংশ। রংপুর বিভাগে দুর্নীতির হার ৮৫ দশমিক ৭ শতাংশ এবং ঘুষের হার ৬২ দশমিক ৮ শতাংশ।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুর্নীতির শিকার হয়েছেন ৮০ দশমিক ১ শতাংশ মানুষ। এ অঞ্চলে ঘুষ দেওয়ার হার ৬৩ দশমিক ৯ শতাংশ।
চট্টগ্রাম বিভাগে দুর্নীতির হার ৭৯ দশমিক ৪ শতাংশ এবং ঘুষের হার ৫৯ দশমিক ৪ শতাংশ। সিলেট বিভাগে এ হার যথাক্রমে ৭৯ দশমিক ৩ শতাংশ ও ৫৮ দশমিক ৯ শতাংশ।
তুলনামূলক কম হলেও রাজশাহী বিভাগেও ৭২ দশমিক ৯ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। এ বিভাগে ঘুষ দেওয়ার হার ৫৮ দশমিক ৮ শতাংশ।
টিআইবি বলেছে, সেবাখাতের এই চিত্র থেকে বোঝা যায়, দেশের তৃণমূল পর্যায়ে এখনো সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ, কার্যকর নজরদারি এবং সরকারি সেবায় জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
মতামত দিন