Views Bangladesh Logo

দেড় ঘণ্টার চেষ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, নতুন ভবনের লিফটের কন্ট্রোল রুমে বৈদ্যুতিক সংযোগ অতিরিক্ত গরম হয়ে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী, চিকিৎসক, নার্স ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে কয়েকজন রোগী, চিকিৎসক ও নার্স আটকা পড়েন বলে জানা গেছে। আগুন ও ধোঁয়ার কারণে রোগীদের মধ্যে আতঙ্ক তৈরি হলে স্বজনদের মধ্যেও হুলস্থুল পড়ে যায়। অনেকে রোগীদের নিরাপদে বের করে আনার চেষ্টা করেন।

খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ময়মনসিংহ সদর ফায়ার স্টেশনের কর্মীরাও সেখানে যোগ দেন। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বলেন, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে বাকৃবি ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সদর ফায়ার স্টেশনের কর্মীরাও সেখানে যোগ দেন। আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ধোঁয়া রয়েছে। ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার কারণ বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিফটের কন্ট্রোল মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের ওয়ার্ডে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ