বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনরায় চালু করতে চায় মিয়ানমার
প্রায় সোয়া এক বছর বন্ধ থাকার পর বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করতে আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার। রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে বলেন, দীর্ঘদিন স্থগিত থাকা বাণিজ্য পুনরায় চালু হলে দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। প্রয়োজনে শুরুতে সীমিত বা অস্থায়ী পরিসরে সীমান্ত বাণিজ্য চালুর প্রস্তাবও দেন তিনি।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, নৌপরিবহন যোগাযোগ, এলএনজি আমদানি, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষিপণ্য, মৎস্য, চাল, ওষুধ ও হিমায়িত খাদ্যের বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ ও বিজনেস-টু-বিজনেস কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, ভৌগোলিক নৈকট্য কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব এবং এ-সংক্রান্ত বিষয়গুলো আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে পর্যালোচনা করা হবে।
বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পায়। রাষ্ট্রদূত জানান, প্রত্যাবাসনের জন্য পাওয়া তালিকার যাচাই-বাছাই চলছে এবং নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশ দ্রুত প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি ও এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতির দাবি জানায়। পাশাপাশি দুই দেশ নিয়মিত যৌথ কমিটির বৈঠক আয়োজন এবং সরাসরি নৌ ও শিপিং যোগাযোগ চালুর বিষয়ে একমত হয়েছে।
মতামত দিন