Views Bangladesh Logo

ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী শহর নিয়ন্ত্রণের দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী একটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীর বিদ্রোহীরা মিয়ানমারের বেশ কয়েকটি এলাকায় দেশটির ক্ষমতাসীন জান্তা বাহিনীর সঙ্গে লড়াই করছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাখাইন রাজ্যের পালেতওয়া শহরটি দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটির মুখপাত্র রোববার রাতে বলেন, ‘আমরা কালাদান নদীর তীরবর্তী বন্দরনগর পালেতওয়া দখলে নিয়েছি। প্রতিবেশী দেশগুলোর (বাংলাদেশ ও ভারত) সঙ্গে বাণিজ্যিক লেনদেনের জন্য শহরটি খুবই গুরুত্বপূর্ণ।’

তবে সীমান্তে স্থিতিশীলতা রক্ষায় তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়ে গোষ্ঠীটির মুখপাত্র বলেন, ‘আমরা শিগগিরই এই এলাকার প্রশাসন ও আইনের দায়িত্ব নেব।’

পালেতওয়া ছাড়াও জান্তাবিরোধী বেশ কয়েকটি গোষ্ঠী মিয়ানমারের কয়েকটি সামরিক কেন্দ্র ও শহর দখলে নিয়েছে। এই গোষ্ঠীগুলো মিয়ানমারে গণতন্ত্র চায়। ২০২১ সালে গণতন্ত্রপন্থী নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা সরকার।

এর আগে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামের আরেকটি বিদ্রোহী গোষ্ঠী চীন সীমান্তের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের লাউকাই শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে। গত সপ্তাহে মিয়ানমারের জান্তা সরকার তাদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তাদের যুদ্ধবরিতির বৈঠকটি চীনা কর্মকর্তাদের সহায়তায় চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত হয়েছিল।

তবে রোববার বিদ্রোহী জোট অভিযোগ করে বলেছে, জান্তা বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। তারা শান রাজ্যের বেশ কয়েকটি শহরে হামলা করেছে।

সর্বশেষ গত বছরের অক্টোবর উত্তর মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী-মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ) জান্তা বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত লড়াই শুরু করে। মাঝে চীনের মধ্যস্থতায় এই তিন গোষ্ঠীর সঙ্গে একবার সমঝোতার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ