Views Bangladesh Logo

৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী

 VB  Desk

ভিবি ডেস্ক

টকের ১০ ঘণ্টা পর ছয়টি ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যায় দেশটির নৌবাহিনী।

কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে  আটক জেলেরা টেকনাফে পৌঁছান। মিয়ানমার নৌবাহিনী তাদের মুক্তি দিলেও জেলেরা অভিযোগ করেছেন, তাদের মাছ ধরার জাল এবং ধরা মাছ জব্দ করা হয়েছে।

ইউএনও বলেন, বুধবার বিকেলে জেলেরা বাংলাদেশের সামুদ্রিক সীমানা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় মিয়ানমার নৌবাহিনী তাদের আটক করে।

তিনি আরও বলেন, ‘তারা সকালে ফিরে এসেছেন এবং কোস্টগার্ড বিষয়টি তদন্ত করছে।’

জব্দ করা মাছ ও সরঞ্জাম প্রসঙ্গে এহসান উদ্দিন বলেন, ‘জেলেরা দাবি করেছেন, মিয়ানমার নৌবাহিনী তাদের মাছ এবং জাল নিয়ে নিয়েছে। এ বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, মিয়ানমার নৌবাহিনী সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে জেলেদের ট্রলারগুলো আটক করে।

শাহপরির দ্বীপ দক্ষিণপাড়া ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, "সমুদ্র থেকে ফেরা জেলেদের কাছ থেকে আমরা এ ঘটনার খবর পেয়েছি।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ