১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে শনাক্ত করল মিয়ানমার
বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখ রোহিঙ্গার একটি তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নেয়ার জন্য উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার।
২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় ধাপে এই তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ। এছাড়া আরও ৭০ হাজার রোহিঙ্গার ছবি ও নাম যাচাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এই তথ্য জানান মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ। তিনি এসব তথ্য দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের কাছে।
এই প্রথম এতো বড় পরিসরে একটি প্রত্যাবাসন তালিকা মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করল, যা রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মিয়ানমারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তালিকাভুক্ত বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করা হবে।
বৈঠকে বাংলাদেশের উচ্চ প্রতিনিধি মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, বাংলাদেশ দুর্যোগকবলিত মানুষদের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে