Views Bangladesh Logo

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের বিমান হামলা

বাংলাদেশ সীমান্তঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রায় সাত মাস বিরতির পর বুধবার (১ জুলাই) রাতে চালানো এ হামলার বিস্ফোরণের শব্দ কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সীমান্ত এলাকার বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে পরপর চারটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। টেকনাফের জাদিমুরা থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিভিন্ন এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। শব্দ শুনে অনেক বাসিন্দা আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

শাহপরীর দ্বীপের নাফ নদীসংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ সালাম জানান, প্রথম বিস্ফোরণের পরই নাফ নদীর ওপারে আগুনের শিখা দেখা যায়। তার ধারণা, বিস্ফোরণগুলো মিয়ানমারের ভেতরেই ঘটেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল ফয়েজ বলেন, বিকট বিস্ফোরণের শব্দে শিশু ও বয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সকালে রাখাইনের বুচিডং ও মংডু এলাকায়ও বিমান হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী। রোহিঙ্গাদের কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপে দাবি করা হয়েছে, ওই হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে সীমান্তে সর্বশেষ বড় ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গত বছরের ২৮ ডিসেম্বর, যখন আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষের শব্দ উখিয়া-টেকনাফ সীমান্ত পর্যন্ত শোনা গিয়েছিল।

স্থানীয় সূত্র বলছে, আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রাখাইনের বিভিন্ন এলাকায় গত কয়েক মাস ধরে মিয়ানমার সেনাবাহিনীর তৎপরতা তুলনামূলক কম ছিল। তবে বুধবার সকালে বুচিডং এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনিক চৌধুরী জানান, মিয়ানমারের ভেতর থেকে আসা বিস্ফোরণের শব্দ টেকনাফ সীমান্ত এলাকায় শোনা গেছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, মিয়ানমারের মংডু ও বুচিডং টাউনশিপে এই বিমান হামলা চালানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ