Views Bangladesh Logo

দিল্লি থেকে ফিরে আসাকে ‘তাৎক্ষণিক প্রতিবাদ’ বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্তকে ‘তাৎক্ষণিক প্রতিবাদ’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সেখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে সেখানে যা হয়েছে, সেটার বিপরীতে তাৎক্ষণিক একটি প্রতিবাদ দরকার ছিল। সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটা আর করিনি। কারণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার।’

এ সময় দিল্লিতে হেনস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সেখানে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। একটা জায়গায় বসতে দেয়া হয়েছিল। ওখানে কোনো রুমে নিয়ে আটকে রাখা হয়েছে, এটা একদম ভুল কথা।

জানা যায়, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনব্যাপী জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. জাহেদ উর রহমান।

তবে আগাম কূটনৈতিক যোগাযোগ সত্ত্বেও রোববার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের নির্দেশে অনুমতি দেওয়া হলেও ভারতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তথ্য উপদেষ্টা ড. জাহেদ। এরপর সোমবার বিকেলে তিনি দেশে ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, উপদেষ্টার বৈঠকে অংশগ্রহণের বিষয়টি শুক্রবারই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ