আমার লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার ব্যাপারে নিজের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জীবনের এ পর্যায়ে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই; তিনি কেবল দেশকে সেবা দিতে চান।
তিনি বলেন, 'আমার একমাত্র লক্ষ্য হলো জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া।'
শুক্রবার জুমার নামাজের আগে যশোর কালেক্টরেট মসজিদে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। 'এই কাজ আমি একা করতে পারব না। আমি আন্তরিকভাবে জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করি।'
খুলনা যাওয়ার পথে যশোরে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করেন সিইসি এবং জুমার নামাজ আদায়ের পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য দেন।
সরকারি চাকরিজীবনের দীর্ঘ অভিজ্ঞতার কথা স্মরণ করে নাসির উদ্দিন বলেন, 'আমি নানা দায়িত্ব পালন করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি; কিন্তু বর্তমানে যে দায়িত্বে রয়েছি, সেটি জাতির স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনা এখন আমার প্রধান অগ্রাধিকার।'
সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার শিকারদের এবং মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের জন্যও তিনি দোয়ার অনুরোধ জানান। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।
সিইসির এই সফরে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে