বাংলাদেশ-ভারতের পারস্পরিক বোঝাপড়া দৃঢ়: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক দৃঢ় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
প্রণয় ভার্মা জানান, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে এবং দুই দেশের আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন বজায় রাখতে কাজ চলছে।
তিনি বলেন, জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক গভীরভাবে জড়িত। একই সঙ্গে দুই দেশের মানুষের মধ্যে ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের মিল রয়েছে।
তিনি আরও বলেন, পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণে যেসব ক্ষেত্রে সহযোগিতা সম্ভব, সেসব ক্ষেত্রে দুই দেশ যৌথভাবে কাজ করবে।
এ ছাড়া, দুই দেশের সংসদীয় কার্যক্রমে নিয়মিত বিনিময় বজায় রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে