পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে চোট পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ফলে আসন্ন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
২৫ মে (রোববার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি জানায়, দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলতে গিয়ে মোস্তাফিজ বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। স্ক্যান রিপোর্টে সেখানে চিড় ধরা পড়ে, যার ফলে তাকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন সিভা জানান, ‘আইপিএলের শেষ ম্যাচে খেলার সময় মোস্তাফিজ আঘাত পান। তার বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। এ ধরণের ইনজুরি থেকে সেরে উঠতে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসনের প্রয়োজন। আপাতত তাকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে, এরপর ফলোআপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
মোস্তাফিজের অনুপস্থিতিতে পাকিস্তান সিরিজের দলে সুযোগ পেয়েছেন পেসার খালেদ আহমেদ। ইতোমধ্যে বাংলাদেশ দলের একাংশ পাকিস্তানে পৌঁছেছে। দলের বাকি সদস্য ও কোচিং স্টাফ সোমবার সেখানে যোগ দেবেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে