৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের পুরোনো দল লাহোর কালান্দার্সেই আবার খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাহোর কালান্দার্স জানায়, মুস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ করা হয়েছে। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে ছাড় পাওয়ার তিন দিন পর, গত ৬ জানুয়ারি পিএসএলে খেলার বিষয়টি নিশ্চিত হলেও তখন কোন দলে তিনি খেলবেন, তা জানানো হয়নি। অবশেষে নিলামের আগেই তাকে দলে টেনে নিল কালান্দার্স।
লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে নেওয়া হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ এবং অবশেষে পরিবারে ফিরে এসেছেন। একবার কালান্দার, সবসময় কালান্দার।” একই পোস্টে তার পারিশ্রমিকের অঙ্কও উল্লেখ করা হয়।
আগে দুই দফায় দলে নেওয়া হলেও পিএসএলে মুস্তাফিজ খেলেছেন একবারই। ২০১৮ আসরে লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে তিনি চারটি উইকেট নেন, ওভারপ্রতি রান খরচ ছিল ৬.৪৩। বর্তমানে পিএসএলের শিরোপাধারী দল কালান্দার্স, যারা সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে। গত আসরে এই দলের হয়েই বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন সাত ম্যাচে ১৩ উইকেট শিকার করেন।
এর আগে আইপিএলে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে ভারতীয় বোর্ড তাকে ছাড়তে নির্দেশ দেয়। গত ৩ জানুয়ারি কলকাতা তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়।
আইপিএল শুরুর তিন দিন আগে, আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। এবার ছয় দলের পরিবর্তে আট দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগের ড্রাফট পদ্ধতির বদলে এবার নিলাম পদ্ধতি চালু করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে আগামী বুধবার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে