মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত হয়নি: শশী থারুর
টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান অস্থিরতার পেছনে ভারতের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির কংগ্রেস নেতা ও লোকসভা সদস্য শশী থারুর। আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়।
শশী থারুরের মতে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ছিল একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত, যার প্রভাব এখন বিশ্ব ক্রিকেটে পড়ছে। তিনি বলেন, আমি মনে করি না যে মুস্তাফিজুর রহমানকে কলকাতার হয়ে খেলার চুক্তি থেকে বাদ দেওয়া উচিত হয়েছিল। এটা সত্যিই খুবই দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত।
সংকটের সূত্রপাত হয় আইপিএল নিলামে চড়া দামে বিক্রি হওয়া মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাদ দেওয়ার ঘটনায়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় এবং ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দাবি না মেনে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এ ঘটনার প্রতিবাদ হিসেবে পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
পুরো পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে সমালোচনা করে শশী থারুর বলেন, এভাবে উভয় পক্ষের খেলায় রাজনীতি জড়ানো অত্যন্ত নিন্দনীয়। এখানে স্পষ্টতই রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রতিক্রিয়া কিছুটা অতিরঞ্জিত হলেও তা বাস্তবতার প্রতিফলন।
তিনি আরও বলেন, পাকিস্তান এখন বাংলাদেশকে সমর্থন দেখানোর চেষ্টা করছে, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
শশী থারুর মনে করেন, ক্রিকেটই এই বিভাজন দূর করার সবচেয়ে বড় মাধ্যম হতে পারে। তার ভাষায়, বিশেষ করে ক্রিকেট আমাদের একত্রিত করার শক্তিশালী মাধ্যম হওয়া উচিত, সমস্যা সৃষ্টির জন্য নয়।
আইসিসিকে সতর্ক করে তিনি বলেন, এটি সংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্কবার্তা। জরুরি ভিত্তিতে আলোচনায় বসা প্রয়োজন, আর আইসিসি সেই প্ল্যাটফর্ম হতে পারে। এখনই বলতে হবে—চলুন, এই ব্যর্থতার এখানেই ইতি টানি। এভাবে চিরকাল চলা সম্ভব নয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে