শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা ও গার্ড অব অনার
রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হলো একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।
মঙ্গলবার (৩০ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জানাজার জন্য মরহুমের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। চারুকলা অনুষদ ও চ্যানেল আই প্রাঙ্গণে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
এর আগে সকাল ৯টায় বাংলাদেশ টেলিভিশনে এবং সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারের মরদেহ আনা হলে সেখানে শিল্পী, সাহিত্যিক, নাট্যজন, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। দীর্ঘ কর্মজীবনে শিল্প-সংস্কৃতি অঙ্গনে তাঁর অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এ সময় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা জানাতে আসা শিল্পী, সংস্কৃতিজন ও শুভানুধ্যায়ীরা বলেন, মুস্তাফা মনোয়ারের চলে যাওয়া কেবল একজন মানুষের প্রয়াণ নয়; এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি স্বর্ণালি অধ্যায়ের।
মতামত দিন