Views Bangladesh Logo

এক্সে চালু হলো ব্যাংকিং সেবা

 VB  Desk

ভিবি ডেস্ক

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স যুক্তরাষ্ট্রে তাদের এক্স মানি (X Money) ব্যাংকিং সেবা চালু করেছে।

সোমবার থেকে প্ল্যাটফর্মটির প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস গ্রাহকেরা এই সেবা ব্যবহার করতে পারবেন। এক্সকে ‘এভরিথিং অ্যাপ’-এ রূপান্তরের মাস্কের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত জুনের শেষ দিকে সীমিতসংখ্যক প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করা হয়েছিল। এবার তা আরও বিস্তৃত পরিসরে উন্মুক্ত করা হলো।

এক্স মানি-র মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই অর্থ জমা রাখা, ব্যক্তি থেকে ব্যক্তিতে (পিয়ার-টু-পিয়ার) অর্থ পাঠানো, বিল পরিশোধ, ব্যাংক ট্রান্সফার এবং চেক পাঠানোর মতো বিভিন্ন আর্থিক সেবা নিতে পারবেন।

ব্যবহারকারীদের আমানত সংরক্ষণ করবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিভিত্তিক ক্রস রিভার ব্যাংক (Cross River Bank)। এই আমানত ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (FDIC)-এর আওতায় সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বীমা সুরক্ষা পাবে।

ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই এক্সকে চীনের জনপ্রিয় উইচ্যাট (WeChat)-এর আদলে একটি বহুমুখী অ্যাপে পরিণত করার কথা বলে আসছেন। উইচ্যাটে একসঙ্গে বার্তা আদান-প্রদান, কেনাকাটা ও ডিজিটাল পেমেন্টের সুবিধা রয়েছে।

এক্স মানি জানিয়েছে, এই প্ল্যাটফর্মে জমা রাখা অর্থের ওপর ব্যবহারকারীরা বার্ষিক সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত মুনাফা (Annual Percentage Yield-APY) পেতে পারেন। এটি যুক্তরাষ্ট্রের অনেক উচ্চ সুদের সঞ্চয়ী হিসাবের তুলনায়ও বেশি।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, প্রিমিয়াম প্লাস গ্রাহকেরা সরাসরি সর্বোচ্চ সুদের সুবিধা পাবেন। আর প্রিমিয়াম গ্রাহকদের নির্দিষ্ট শর্ত, যেমন সরাসরি বেতন জমার (ডাইরেক্ট ডিপোজিট) ব্যবস্থা পূরণ করতে হবে।

ক্রস রিভার ব্যাংকের দাবি, এটি যুক্তরাষ্ট্রের প্রথম সরকারি বীমা-সুরক্ষিত ব্যাংকিং প্ল্যাটফর্ম, যা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে একীভূতভাবে চালু হয়েছে।

এই সেবার মাধ্যমে এক্স এখন পেপ্যালের ভেনমো (Venmo), ব্লকের ক্যাশ অ্যাপ (Cash App) এবং সোফাই (SoFi)-এর মতো জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামছে।

তবে সেবাটি চালুর আগেই ওয়াশিংটনে এ নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১৪ এপ্রিল সিনেট ব্যাংকিং কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এক চিঠিতে জানতে চান, ব্যবহারকারীদের এত উচ্চ মুনাফা দেওয়ার জন্য এক্স মানি কীভাবে পর্যাপ্ত আয় করবে। তিনি ক্রস রিভার ব্যাংকের ঋণ কার্যক্রম নিয়ে অতীতে এফডিআইসির নেওয়া কিছু নিয়ন্ত্রক পদক্ষেপের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ