স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ডালিয়া নওশীন আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার খালাতো বোন ও নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। ডালিয়া নওশীনের দুই ছেলে রয়েছেন, যাদের একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করেন।
ডালিয়া নওশীন ছিলেন একজন প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২০ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি খ্যাতিমান স্থপতি মাজহারুল ইসলামের কন্যা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে