Views Bangladesh Logo

প্রাপ্তির আশায় সংগীতচর্চা করা উচিত নয়: জেমস

সংগীতের মাধ্যমে কিছু পাওয়ার প্রত্যাশা না রেখে ভালোবাসা, আবেগ ও নিজের প্রশান্তির জন্যই গান করা উচিত বলে মনে করেন নগরবাউলখ্যাত সংগীতশিল্পী জেমস।

আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন জেমস। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগীত নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি।

জেমস বলেন, কোনো কিছু পাওয়ার জন্য সংগীত করার কোনো মানে নেই। সংগীত করতে হবে একেবারে নিজের প্যাশন ও নেশা থেকে। নিজের প্রশান্তির জন্যই মিউজিক করা উচিত। এর মাধ্যমে যদি কিছু অর্জন হয়, সেটি ভিন্ন বিষয়। কোনো কিছু না পেলেও গান করে যেতাম।

দীর্ঘ সংগীতজীবনের প্রসঙ্গ টেনে জেমস বলেন, আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ফিলিংস ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে আমার সংগীতযাত্রা শুরু হয়। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’।

এরপর কয়েক দশক ধরে নিজের স্বতন্ত্র গায়কী ও সুরের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন তিনি।

প্রজন্ম বদলের বিষয়েও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন জেমস। তিনি বলেন, যখনই মঞ্চে দাঁড়াই, মনে হয় সামনে থাকা সবাই আগের সেই শ্রোতা। সময়ের সঙ্গে যে প্রজন্ম বদলে যাচ্ছে, সেটি আলাদাভাবে খেয়াল করিনি। এখন মনে হয়, অনেকগুলো প্রজন্মকে গান শোনাতে পারছি।

সুইডেনের অনুষ্ঠান শেষে আগামী ২২ সেপ্টেম্বর জেমস ও তার দলের দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ