Views Bangladesh Logo

অনেক বছর ধরেই ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ অন্য এলাকার তুলনায় আলাদা মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সেখানে গান-বাজনা ও সিনেমা অনেক বছর ধরেই অনেকটা নিষিদ্ধের মতো।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে মধ্যরাতে গান-বাজানোকে কেন্দ্র করে ঘটা ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকাটা এরকম যে গান-বাজনা-সিনেমা বহু বছর ধরে তাদের মধ্যে নিষিদ্ধের মতো আরকি। ওখানকার পরিস্থিতি আলাদা।

তিনি বলেন, পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।

এ সময় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হতে চায়। তারা চিহ্নিত সন্ত্রাসী, দাগি আসামি ও গডফাদারদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে। শুধু চাঁদাবাজদের নয়, তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে।

অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ চক্র তাকে লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শন ও হামলার মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করেছিল। ঘটনার সঙ্গে জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হামলার মূলহোতাকে গ্রেপ্তার করতে পারায় তিনি পুলিশের প্রশংসা করেন। তবে পুলিশের আরও কাজ বাকি রয়েছে। সংঘবদ্ধ চাঁদাবাজদের নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ