দ্বিতীয়ার্ধের শুরুতেই জার্মানির চতুর্থ গোল
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরও এক গোল পেল জার্মানি। জামাল মুসিয়ালার গোলে কুরাসাওয়ের বিপক্ষে ব্যবধান ৪-১ করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এনআরজি স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ২০তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে বিশ্বকাপে অভিষিক্ত কুরাসাও।
এরপর ৩৭তম মিনিটে নিকো শ্লটারবেকের গোলে আবারও লিড নেয় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৪৫+৪) পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।
বিরতি থেকে ফিরেই আক্রমণের ধার বজায় রাখে জার্মানি। ৪৭তম মিনিটে জোশুয়া কিমিখের নিখুঁত পাসে বল পেয়ে কুরাসাও রক্ষণভাগ ভেদ করেন মুসিয়ালা। কঠিন কোণ থেকে নেওয়া তার নিচু শট কুরাসাও গোলরক্ষক এলয় রুমকে পরাস্ত করে জালে জড়ায়।
মুসিয়ালার এই গোলে জার্মানির জয় আরও নিশ্চিত হওয়ার পথে। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা কুরাসাও এখন বড় ব্যবধানে হার এড়ানোর লড়াইয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জার্মানি ৪-১ গোলে এগিয়ে রয়েছে।

মতামত দিন