Views Bangladesh Logo

মিরপুরে বিদায়ী টেস্ট খেলে অবসরে যাচ্ছেন মুশফিক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া এই ক্রিকেটার আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকেও বিদায় জানাবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে শনিবার এ তথ্য জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, মুশফিক কয়েক দিন আগেই ফোন করে নিজের অবসরের সিদ্ধান্তের কথা তাঁকে জানিয়েছেন।

তামিম জানান, মুশফিকের ইচ্ছা ছিল নিজের মুখেই অবসরের ঘোষণা দেওয়ার। এ জন্য তাঁকে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তটি জানানোর পরামর্শ দিয়েছিলেন বিসিবি সভাপতি। তবে মুশফিকের অনুরোধেই তাঁর অবসরের বিষয়টি প্রকাশ করছেন বলে জানান তামিম। তিনি আরও বলেন, মুশফিকের বিদায়টা যথাযথভাবে আয়োজন করতে চেয়েছিলেন তিনি।

২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকুর রহিমের। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন তিনি। বাংলাদেশের হয়ে শততম টেস্ট খেলা একমাত্র ক্রিকেটারও তিনি। এ সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ ৭ হাজার ৬২ রান করেছেন মুশফিক।

আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচটিই হবে মুশফিকের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ