Views Bangladesh Logo

সৌদিতে বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহীম। সেখান থেকে শনিবার দেশে ফেরার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি বর্তমানে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।

কয়েক সপ্তাহের উত্তেজনার পর শনিবার সকালে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। ফলে ওই অঞ্চলে বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

উমরাহ শেষ করে মুশফিক দুবাই হয়ে দেশে ফেরার উদ্দেশ্যে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে রওনা দেন। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি দুবাই পৌঁছানোর পর আবার জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে তিনি বর্তমানে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে হাজারো যাত্রীর সঙ্গে অবস্থান করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি ওমরাহ হজ পালনের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।’

তিনি আরও লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরতে পারব। সবার কাছে দোয়া কামনা করছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ