নিরাপদে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তিনি সোমবার (২ মার্চ) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
পরে তার স্ত্রী জান্নাতুল কিফায়াত সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মুশফিক নিরাপদে বাসায় পৌঁছেছেন।
ওমরাহ পালন শেষে গত শনিবার দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইট মাঝ আকাশ থেকে জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়। ফলে তিনি হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে আটকে পড়েন।
পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হকের ব্যক্তিগত তত্ত্বাবধান ও হস্তক্ষেপে রোববার গভীর রাতে তিনি দেশে ফেরার উদ্দেশে রওনা হন।
মুশফিকের নিরাপদ প্রত্যাবর্তনের পর তার স্ত্রী ফেসবুক পোস্টে স্বস্তি প্রকাশ করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় পৌঁছেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সবকিছু সহজ করে দিয়েছেন। যারা দুশ্চিন্তা করেছেন এবং মানসিকভাবে পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ।” তিনি চলমান বৈশ্বিক অস্থিরতা দ্রুত শেষ হওয়ার জন্যও দোয়া করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে