দুই বছর পর জীবিত উদ্ধার ‘নিহত’ যুবক, হত্যা মামলায় জেল খাটা ঠিকাদারের বিক্ষোভ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অপহরণের পর হত্যা করে লাশ গুমের অভিযোগে যে যুবককে ‘নিহত’ দাবি করে মামলা করা হয়েছিল, দুই বছর পর সেই মোস্তফা কামালকে (২৮) জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলায় প্রায় চার মাস কারাভোগ করা ঠিকাদার জামান মিয়া মিথ্যা মামলার বিচার দাবি করেছেন।
পুলিশ জানায়, গত ৯ জুলাই রাতে গাজীপুরের গাছা থানার ডেগেরচালা এলাকা থেকে মোস্তফা কামালকে উদ্ধার করা হয়। তিনি সেখানে পরিচয় গোপন করে রাজমিস্ত্রির কাজ করছিলেন এবং এরই মধ্যে বিয়ে করে নতুন সংসারও গড়েছেন।
প্রায় দুই বছর আগে নিখোঁজ হওয়ার পর মোস্তফা কামালের মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, আর্থিক লেনদেনের বিরোধে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। এ অভিযোগে বাজিতপুরের ঠিকাদার জামান মিয়াকে প্রধান আসামি করে আদালতে হত্যা মামলা করা হয়। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করলে তিনি প্রায় চার মাস কারাগারে ছিলেন।
তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, মোস্তফা কামাল জীবিত অবস্থায় গাজীপুরে রয়েছেন। এরপর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। ১০ জুলাই কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মোস্তফা কামালের আত্মগোপনের বিষয়টি পরিবারের সদস্যরা আগে থেকেই জানতেন। কিন্তু তারা দুই বছরেও পুলিশকে তা জানাননি।
এদিকে ঠিকাদার জামান মিয়া বলেন, কোনো অপরাধ না করেও তাকে চার মাস কারাগারে থাকতে হয়েছে। এতে তার ব্যবসা, সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা মামলার বিচার দাবি করেন।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে মামলা করে থাকলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
মতামত দিন