বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেফতার ২
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন (৩৫) নিহতের ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩৫০ জনের কথা বলা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বিষয়টি ভিউজ বাংলাদেশকে নিশ্চিত করেন বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান।
নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় শুক্রবার মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে খুনের নির্দেশদাতা বলে উল্লেখ করা হয়েছে।
সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি বগুড়ার কাহালু উপজেলার মুরইল লাইট হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বেলা তিনটার দিকে বগুড়া শহরের সাতমাথায় স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক ওই দুই সংসদ সদস্যসহ সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় তারা ককটেল ও পেট্রোলবোমা হামলা চালান। হামলায় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন। বগুড়া পৌরসভার কাউন্সিলর আবদুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান হকিস্টিক দিয়ে পিটিয়ে তাঁকে জখম করেন। পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন।
বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান বলেন, এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, শিমুল ও আব্দুল লতিফ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে