প্রধানমন্ত্রীর সফরের আগে ২০ বছরের আবর্জনা বালু দিয়ে ঢেকে দিল পৌরসভা
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরের আগে সড়কের পাশে প্রায় ২০ বছর ধরে জমে থাকা ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিনের আবর্জনায় যেখানে তীব্র দুর্গন্ধ ও পরিবেশদূষণে অতিষ্ঠ ছিলেন স্থানীয়রা, প্রধানমন্ত্রীর সফরের আগে সেখানে দ্রুত পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের খিলপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে থাকা ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একইভাবে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ময়লার স্তূপেও বালু ফেলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফরে আসবেন। তার গাড়িবহর কিশোরগঞ্জ শহরে প্রবেশের সময় এই সড়ক ব্যবহার করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফর সামনে রেখেই ময়লার স্তূপ ঢেকে দেওয়ার কাজ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই দশক ধরে পৌরসভার বিভিন্ন বাজার ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা ট্রাকে করে খিলপাড়া এলাকার ওই স্থানে ফেলা হচ্ছিল। দীর্ঘদিনের আবর্জনা জমে সেখানে বড় একটি স্তূপ তৈরি হয়। এর সঙ্গে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকের বর্জ্যও সেখানে ফেলা হতো বলে স্থানীয়দের অভিযোগ।
ফলে ব্যস্ত এই সড়কের পাশে দীর্ঘদিন ধরে তীব্র দুর্গন্ধ, পরিবেশদূষণ ও জনদুর্ভোগ ছিল। ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ভৈরবগামী হাজারো যানবাহন ও পথচারী প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ময়লার স্তূপ অপসারণের জন্য তারা দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন। তবে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর সফরের প্রায় এক সপ্তাহ আগে ময়লার কিছু অংশ সরিয়ে ফেলা হয় এবং বাকি অংশ বালু দিয়ে ঢেকে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, ময়লা সরানোর জন্য পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দ্রুত বালু দিয়ে ময়লা ঢেকে দেওয়া হচ্ছে। এতে বোঝা যায়, কর্তৃপক্ষ চাইলে জনদুর্ভোগ কমাতে পারে। তবে শুনেছি এটি অস্থায়ী ব্যবস্থা। আমরা চাই, স্থায়ীভাবে ময়লার সমস্যার সমাধান করা হোক।
কিশোরগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে ময়লা ফেলার জায়গাটিতে আপাতত অস্থায়ীভাবে বালু চাপা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তবে এখানে স্থায়ীভাবে ময়লা নিরসনের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিছুদিন পর হয়তো সেটি চালু করা যাবে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা শহরের বিভিন্ন সড়কের আশপাশে জমে থাকা ময়লা এবং বাসাবাড়ির আঙিনার আবর্জনাও অপসারণের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার কিশোরগঞ্জ সফরে গিয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পাকুন্দিয়ায় সকাল সাড়ে ১১টার দিকে মাছের পোনা অবমুক্ত করবেন তারেক রহমান। এরপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান ও সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যা ৬টার দিকে তার ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে।
মতামত দিন