গোপালগঞ্জে সরকারি স্থাপনার কাছে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে বিভিন্ন সরকারি স্থাপনার কাছে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌরসভার দক্ষিণ পাশের প্রাচীরসংলগ্ন ফুটপাতে একটি ককটেল বিস্ফোরণ করা হয়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সদর থানা চত্বর, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সামনের সড়ক, জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে এবং বেদগ্রাম আনসার ক্যাম্পের সামনে এসব বিস্ফোরণ ঘটে।
গোপালগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মাদ সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি পুলিশের।
নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পৌরসভার বাসিন্দা কেরামত মোল্লা বলেন, একের পর এক বিস্ফোরণের ঘটনায় মানুষ আতঙ্কিত। শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও জড়িতদের শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন উঠছে।
তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে