কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, তদন্তে পুলিশ-র্যাব
কুমিল্লা নগরীতে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় এখনো কোনো আসামি শনাক্ত হয়নি। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্তে বাংলাদেশ পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি, সিআইডি ও পিবিআইসহ একাধিক সংস্থা যুক্ত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে নিহতের মা নীলিমা বৈরাগী অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. সিরাজুল মোস্তফা।
তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট সমন্বিতভাবে ঘটনার তদন্ত চালাচ্ছে এবং দ্রুত রহস্য উদঘাটনের আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী এলাকায় আইরিশ হোটেলের পাশের সড়ক থেকে বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে