ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা
প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’ আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। ঈদের দিন রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
এবারের আয়োজনে প্রথমবারের মতো একসঙ্গে উপস্থাপনায় দেখা যাবে জনপ্রিয় মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া এবং নাবিলা ইসলাম-কে।
অনুষ্ঠানটি নিয়ে মুকিত জাকারিয়া বলেন, এ আয়োজনটি গতানুগতিক ধারায় উপস্থাপন করা হয়নি। বেশ আনন্দঘন পরিবেশে মজার ছলে সঞ্চালনা করেছেন তারা। নাবিলার উপস্থাপনাও ছিল দারুণ। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই এর প্রশংসা করেছেন।
তিনি জানান, প্রায় ৪০ বছর পর চট্টগ্রামের দুটি ব্যান্ড—স্পার্ক ও রুটস—একসঙ্গে মঞ্চে গান পরিবেশন করেছে এই আয়োজনে। পাশাপাশি দুই ব্যান্ডের সদস্যদের অংশগ্রহণে ছিল জমজমাট ঈদ আড্ডাও।
অনুষ্ঠানে আরও রয়েছে টক শো, কৌতুক, নৃত্য পরিবেশনা এবং ভাটিয়ালি, ভাওয়াইয়া ও বাউল সঙ্গীত। একটি সংক্ষিপ্ত নাটিকা ও টক শো অংশে অংশ নিয়েছেন সিয়াম নাসির, মো মো মুর্শেদ ও রুবেল। সব মিলিয়ে দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে বৈচিত্র্যময় একটি অনুষ্ঠান।
অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইলন সাফির।
সঞ্চালনায় মুকিত জাকারিয়ার অভিজ্ঞতা আগেরও রয়েছে। তিনি জানান, ২০২৪ সালেও ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের সঞ্চালনা করেছিলেন তিনি। এর আগে একুশে টেলিভিশন-এ প্রচারিত ‘ভুল’ শীর্ষক একটি ঈদের বিশেষ অনুষ্ঠানও উপস্থাপনা করেছিলেন। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ফাহমিদা নবী ও সুইটি।
এদিকে ঈদ উপলক্ষে মুকিত জাকারিয়া ইতোমধ্যে চারটি একক নাটক এবং সাত পর্বের দুটি ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছেন। ধারাবাহিক দুটি পরিচালনা করেছেন হিমু আকরাম ও মাইদুল রাকিব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে