ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিববুল্লা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ধারা ৫(ক)(১) ও ৫(ক)(২) অনুযায়ী অন্যান্য পেশাগত বা প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (২২ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি দেশের প্রশাসনিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই প্রথম কোনো পেশাদার আলেম ও মসজিদের ইমামকে সচিব পদমর্যাদার প্রশাসনিক উচ্চ পদে দায়িত্ব দেওয়া হলো।
নতুন মহাপরিচালক মুফতি মুহিববুল্লা কওমি, আলিয়া ও আধুনিক বিশ্ববিদ্যালয় — এই তিন বিভাগে শিক্ষায় শিক্ষিত। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়ন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
কর্মজীবনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন তিনি। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং বায়তুল মোকাররমে ইমামতি করেছেন।
ইসলামী ব্যাংকিং খাতেও তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সর্বশেষ তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ একাধিক ব্যাংকের শরিয়াহ বোর্ডে চেয়ারম্যান ও সদস্য হিসেবে কাজ করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে