Views Bangladesh Logo

বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

 VB  Desk

ভিবি ডেস্ক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব হিসেবে ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেককে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে শুক্রবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ধর্ম মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদীস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন প্রখ্যাত ইসলামী স্কলার। বিশ্বখ্যাত ইসলামী পণ্ডিত মুফতি বিচারপতি তাকী ওসমানী তার উস্তাদ। সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহর অধীনে তিনি দুই বছর হাদীস ও ইসলামী আইন বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেন।

প্রসঙ্গত, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের মতো খতিব রুহুল আমিনও ‘আত্মগোপনে’ চলে যাওয়ার পর থেকে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন ওয়ালিউর রহমান খান। তবে ২০ সেপ্টেম্বর (শুক্রবার) রুহুল আমিন বায়তুল মোকাররমে ফিরলে জুমার নামাজ পড়তে আসা লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় দুই খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ভাঙচুর করা হয় জাতীয় মসজিদের দরজা-জানালাও। ওই ঘটনার দুই দিন পরে খতিব রুহুল আমিনকে অপসারণ করে ধর্ম মন্ত্রণালয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ