Views Bangladesh Logo

মসজিদে মিলল মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ, দেখে হার্ট অ্যাটাকে মামার মৃত্যু

নীলফামারীর ডিমলায় একটি মসজিদের ভেতর থেকে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভাগনের মরদেহ দেখে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন তার মামা। পরে হাসপাতালে নেওয়ার পথে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানী এলাকার মুনাকাশা বায়তুন নূর মসজিদে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৩২) এবং তার মামা, মৃত নছির উদ্দিনের ছেলে আহেদুল ইসলাম (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত মঙ্গলবার তার বিয়ে হয়েছিল। বৃহস্পতিবার সকালে ফজরের নামাজের জন্য মসজিদে এসে মুসল্লিরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।

খবর পেয়ে আব্দুল মালেকের মামা আহেদুল ইসলাম ঘটনাস্থলে এসে ভাগনের ঝুলন্ত মরদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী জানান, ভাগনের মরদেহ দেখে আহেদুল ইসলাম হার্ট অ্যাটাক করেন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ