সাদুল্লপুরে মক্তবে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুয়াজ্জিন আটক
গাইবান্ধার সাদুল্লপুরে মক্তবে পড়তে যাওয়া সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর পরিবারের ৯৯৯-এ ফোনের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া জামে মসজিদের মক্তবে এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব।
আটক ব্যক্তি মনির হোসেন (২২) ওই মসজিদের মুয়াজ্জিন এবং একই এলাকার মিলন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মক্তবের পাঠ শেষ হওয়ার পর অন্য শিশুদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও কৌশলে সাত বছরের শিশুটিকে সেখানে আটকে রাখেন অভিযুক্ত। এরপর তাকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মনির হোসেনকে আটক করেন। পরে শিশুটির পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন